স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ১৩ নভেম্বর ঢাকা ‘লকডাউন’ নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী আগের মতোই মাঠে মোতায়েন থাকবে, তাদের কোনো অংশই প্রত্যাহার করা হবে না। রবিবার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা লকডাউন নিয়ে কোনো আশঙ্কা নেই। আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত এবং সেনাবাহিনীর সদস্যরা মাঠে আগের মতোই দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, মোতায়েন করা সেনাবাহিনীর ৫০ শতাংশ তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে। তাদের কার্যক্রমের পরিধি ও উপস্থিতি অপরিবর্তিত থাকবে। তিনি আশ্বাস দেন, জনগণের নিরাপত্তা ও চলাচলের স্বাধীনতা নিশ্চিতে সব বাহিনী সতর্ক অবস্থানে আছে। ‘সাধারণ মানুষকে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই,’ যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।